বিপিএলের স্পট ফিক্সিং প্রতিবেদন হাতে পেয়েছে বিসিবি, নাম প্রকাশে অনীহা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিং সংক্রান্ত তদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯০০ পৃষ্ঠার এই বিস্তৃত প্রতিবেদনে একাধিক ক্রিকেটারের নাম থাকলেও, মানবিক দিক বিবেচনায় অভিযুক্ত কারও নাম প্রকাশ করবে না বোর্ড।
তবে যাদের নাম এসেছে, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে খেলা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
চূড়ান্ত প্রতিবেদনে থাকা নামগুলো প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন,
“এ মুহূর্তে প্রকাশ করার মতো পরিস্থিতিতে আমরা নেই। তবে ভবিষ্যতে উপযুক্ত সময় হলে করা হতে পারে।”
বিসিবির সহসভাপতি শাখাওয়াত হোসেন বলেন,
“এটা একান্ত ব্যক্তিগত ও গোপনীয় বিষয়। অভিযুক্ত ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে, কিন্তু কোনো মিডিয়া বা জনসমক্ষে তাদের নাম আসবে না।”
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তদন্ত কমিটির কাজ ছিল সম্পূর্ণ স্বাধীন ও প্রমাণনির্ভর।
প্রতিবেদনে রয়েছে দুর্নীতি প্রতিরোধে নতুন আইনগত কাঠামোর প্রস্তাব,ফ্র্যাঞ্চাইজিগুলোর সুশাসন নিশ্চিতে নির্দেশনা,খেলোয়াড় সুরক্ষা ও ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন,জনসংযোগ কাঠামো শক্তিশালী করার সুপারিশ।
বোর্ড জানিয়েছে, চলমান ও সম্ভাব্য আইনগত প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এখনই কোনো অভিযোগ প্রকাশ করা হবে না।
তবে সুপারিশগুলো পর্যালোচনা শেষে প্রয়োজনে আইসিসি অ্যান্টি-করাপশন ইউনিটসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করবে বিসিবি।


