আফগানিস্তান নয়, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

খেলাধুলা
আফগানিস্তান নয়, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ার পরও তা হারাল বাংলাদেশ। ঢাকায় হওয়ার কথা ছিল আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার ম্যাচ, কিন্তু মিয়ানমারের আপত্তিতে শেষ পর্যন্ত তা আর হচ্ছে না।

এর ফলে বাতিল হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার নির্ধারিত ফিফা প্রীতি ম্যাচও। বিকল্প হিসেবে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

আগামী ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ‘সি’ গ্রুপে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন ঢাকায় ‘ই’ গ্রুপের ম্যাচে আফগানিস্তান-মিয়ানমার মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত জানায়, ফলে বিকল্প ভেন্যুতে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিষয়টি নিশ্চিত করে বাফুফে কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন,

“আফগানিস্তান জানিয়েছে, তারা বাংলাদেশে খেলবে না। কারণ, মিয়ানমার বাংলাদেশে এসে ম্যাচ খেলতে রাজি নয়।”

মিয়ানমারের বিপক্ষে নির্ধারিত ম্যাচের সুযোগে আফগানিস্তানের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবেই ছিল এই পরিকল্পনা। তবে আফগানিস্তান না আসায় সেই ম্যাচ বাতিল হয়েছে।

গোলাম গাউস আরও জানান,

“১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। পরিবর্তে নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষেই খেলবে বাংলাদেশ।”

চলতি বছরের মার্চে শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এটি হবে দুই দলের দ্বিতীয় দ্বৈরথ। যদিও এএফসি এশিয়ান কাপের মূলপর্বে দুই দলেরই আর সুযোগ নেই, তবুও প্রতিবেশী এই দুই দেশের লড়াই ঘিরে উত্তেজনা সব সময়ই থাকে তুঙ্গে।

বাংলাদেশের বিপক্ষে ভারতের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।