‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের ঘোষণা বিসিবি সভাপতি বুলবুলের
দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণ ও তৃণমূল পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার তিনি ঘোষণা দিয়েছেন দেশের প্রথম ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের, যেখানে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের এক ছাদের নিচে আনা হবে।
বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় বুলবুল বলেন,
“বাংলাদেশের ৬৪ জেলায়, আটটি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, ক্রীড়া অফিসার, কোচ, নারী উদ্যোক্তা— সবাইকে একত্র করে আমরা জানতে চাইব, বাংলাদেশের ক্রিকেটের প্রকৃত প্রয়োজন কী। বিসিবি কীভাবে সবাইকে সহায়তা করতে পারে এবং একসঙ্গে কীভাবে আমরা ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারি।”
বিসিবি সভাপতি জানান, আগামী ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’। এই সম্মেলনের মূল লক্ষ্য হবে আঞ্চলিক ক্রিকেট উন্নয়ন, সমন্বয় ও নীতি নির্ধারণে একক প্ল্যাটফর্ম তৈরি করা।
বুলবুল আরও বলেন,
“দেশজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেট সংগঠকদের এক ছাদের নিচে এনে আমরা ক্রিকেটের ভিশন ও মিশন সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। যাতে সবাই মিলে নিজেদের সেরাটা দিতে পারে এবং দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে পারে।”
তিনি উল্লেখ করেন, দেশের প্রতিটি জেলা-উপজেলায় ক্রিকেটের বাস্তব পরিস্থিতি জানা ও ঘাটতি পূরণ করাই এই কনফারেন্সের অন্যতম উদ্দেশ্য।
“আমরা জানতে চাই, জেলায়-উপজেলায় কী ক্রিকেট হচ্ছে, কোথায় ঘাটতি আছে। সেই জায়গাগুলো চিহ্নিত করে বিসিবি সহায়তা করবে। এর মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ক্রিকেটের আনন্দ সবার কাছে পৌঁছে যাবে।”
বুলবুলের সভাপতিত্বে প্রথম মেয়াদ থেকেই বিসিবি ক্রিকেট বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় তিনি দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক অফিস চালুর ঘোষণাও দিয়েছেন।


