বিপিএল নিলামের আগেই দল পেলেন তামিম

খেলাধুলা
বিপিএল নিলামের আগেই দল পেলেন তামিম
নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৫

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি জোরদার হয়েছে। নিলামের আগেই তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। এরই মধ্যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করেছে তাদের প্রধান কোচের নাম এবং দলে ভিড়িয়েছে জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম রাজশাহীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৪২টি টি-টোয়েন্টি ম্যাচে ১২৮ স্ট্রাইক রেটে করেছেন ১,০৫৬ রান।

বিপিএলে তামিমের পারফরম্যান্স আরও উজ্জ্বল। তিনটি দলের হয়ে ২৬ ইনিংসে তার সংগ্রহ ৮৮০ রান, স্ট্রাইক রেট ১৩৭। বিশেষ করে গত আসরে ঢাকার হয়ে ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ১২ ম্যাচে ৪৮৫ রান করে নজর কাড়েন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সম্প্রতি বিসিবি বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করেছে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। নতুন মালিকানা পাওয়ার পরই প্রস্তুতি শুরু করেছে দলটি।
দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় ওপেনার ও বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার। বর্তমানে তিনি বিসিবির অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন।