সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই: হামজা চৌধুরী

খেলাধুলা
সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই: হামজা চৌধুরী
নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী এবার যোগ দিলেন নতুন ভূমিকায়। টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড এক বছরের জন্য এই ফুটবলারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে।

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রবেশের পর থেকেই সাংবাদিক ও অতিথিদের ভিড়ে ছেয়ে যান হামজা। কেউ হাত মেলাতে এগিয়ে যান, কেউ আবার সেলফি তোলার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন। তবে পুরো সময় জুড়েই মুখে ছিল হামজার চেনা মৃদু হাসি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশে আসলেই যে মানুষজনের অকৃত্রিম ভালোবাসা পান, সেটিই তাকে বারবার দেশে ফিরতে অনুপ্রাণিত করে বলে জানান তিনি।

“আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব যত্নে লালন করি। এই ভালোবাসাই আমাকে আবারও ফিরে আসার অনুপ্রেরণা দেয়,” — বলেন হামজা।

হামজা জানান, শুধু তিনি নন—তার পরিবারও বাংলাদেশের প্রতি সমানভাবে টান অনুভব করে।

“আমার সন্তানেরাও বাংলাদেশ ছেড়ে গেলে ফিরে আসার বায়না ধরে। ইনশাআল্লাহ আগামী মার্চে তারা আবারও বাংলাদেশে আসবে,” বলেন তিনি।

সে সময়ই এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশের হয়ে মাঠে নামা ও দলকে এগিয়ে নেওয়ার বিষয়ে নিজের প্রতিজ্ঞা আরও একবার ব্যক্ত করেন হামজা চৌধুরী।

“প্রত্যেক সন্তান চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই,” বলেন এই মিডফিল্ডার।

হামজার আগমনে নতুন করে প্রাণ ফিরেছে বাংলাদেশের ফুটবলে। দীর্ঘদিনের হতাশা পেছনে ফেলে ফুটবলপ্রেমীরা এখন নতুন আশা দেখছেন।
নিজের প্রতি এই ভালোবাসা নিয়ে হামজা বলেন,

“সবকিছু এখনো অবাস্তব মনে হয়। আমি শুধু এই দেশের অংশ হতে চাই, দেশকে প্রতিনিধিত্ব করতে চাই—বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য।”

বাংলাদেশ ফুটবল দল আসন্ন দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভারতের।

  • ১৩ নভেম্বর: বাংলাদেশ বনাম নেপাল

  • ১৮ নভেম্বর: বাংলাদেশ বনাম ভারত
    দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে, রাত ৮টায়।