নন-এমপিও শিক্ষকদের সমস্যার সমাধানে সরকার আন্তরিক: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা
নন-এমপিও শিক্ষকদের সমস্যার সমাধানে সরকার আন্তরিক: শিক্ষা উপদেষ্টা
নিউজ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫

শিক্ষার মানোন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সমস্যার সমাধানে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। সোমবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে নন-এমপিও ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা নিজেই। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি—শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, এবি পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুকসহ আরও অনেকে।

বৈঠকে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ প্রক্রিয়া, নীতিমালা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা উপদেষ্টা জানান, “স্বচ্ছ ও কার্যকর একটি এমপিও নীতিমালা বাস্তবায়নে সরকার ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন—শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারা সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেন।

অধ্যাপক সি. আর. আবরার বলেন, “শিক্ষা জাতীয় উন্নয়নের মেরুদণ্ড। একটি জ্ঞাননির্ভর ও উন্নত দেশ গড়তে রাজনৈতিক দলসহ সব স্টেকহোল্ডারের যৌথ প্রচেষ্টা জরুরি।”

বৈঠক শেষে নন-এমপিও শিক্ষকদের সমস্যা সমাধানে নিয়মিত সংলাপ, সমন্বয় ও পরবর্তী কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়ার বিষয়ে সবাই একমত হন।