ভারতের বিপক্ষে মর্যাদার ম্যাচে স্বপ্নের শুরু বাংলাদেশের
এশিয়া কাপের বাছাইপর্ব থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ ও ভারত। ফলে টুর্নামেন্টের হিসেবে ঢাকার ম্যাচটি তেমন গুরুত্ব বহন না করলেও দুই প্রতিবেশীর মুখোমুখি লড়াই মানেই বাড়তি উত্তেজনা ও মর্যাদার প্রতিযোগিতা। তাই ভারতকে হারানোর স্বপ্ন নিয়ে মাঠে নামে লাল-সবুজের দল, আর সে স্বপ্নের সূচনাটা হয় দুর্দান্তভাবেই।
ম্যাচের শুরুতেই দাপট দেখিয়ে আক্রমণে উঠতে থাকে ভারত। তবে সব চাপ সামলে ১২তম মিনিটে পাল্টা আক্রমণে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। রাকিব হোসেনের বাম দিকের নিখুঁত ক্রসে দারুণ ফিনিশ করেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। ভারতীয় গোলরক্ষক এগিয়ে এলেও মোরসালিনের শট ঠেকাতে ব্যর্থ হন।
স্কোর—বাংলাদেশ ১, ভারত ০।
বাংলাদেশের দলে এবার রয়েছেন হামজা চৌধুরী ও শামিত সোমের মতো আলোচিত ফুটবলাররা। তাদের উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা—মর্যাদার এই ম্যাচে ভারতের বিপক্ষে একটি জয়ের স্মৃতি।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা,তপু বর্মণ,তারিক কাজী,সাদ উদ্দিন,জায়ান আহমেদ,হামজা চৌধুরী,সোহেল রানা,শামিত সোম,রাকিব হোসেন,শেখ মোরসালিন,ফয়সাল আহমেদ ফাহিম।


