সংসদ ভবন এলাকায় সিনিয়র জেলা জজের মোবাইল ছিনতাই, নিয়ে গেল চশমাও

জাতীয়
সংসদ ভবন এলাকায় সিনিয়র জেলা জজের মোবাইল ছিনতাই, নিয়ে গেল চশমাও
নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৫

রাজধানীর শেরেবাংলা নগর থানার আওতাধীন সংসদ ভবন এলাকায় এক সিনিয়র জেলা ও দায়রা জজ ছিনতাইকারীদের কবলে পড়েছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ও চোখের চশমা ছিনিয়ে নেয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান রাত ১০টার দিকে ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, ছিনতাইকারীরা ভুক্তভোগী বিচারকের কাছ থেকে রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোন ও চশমা ছিনিয়ে নিয়ে গেছে। ভুক্তভোগী থানা পুলিশকে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

ডিসি ইবনে মিজান বলেন, “ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করেছি। ছিনিয়ে নেওয়া মোবাইল উদ্ধারে পুলিশ কাজ করছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা যায়, মামলার এ সিনিয়র বিচারক পায়ে হেঁটে সংসদ ভবন এলাকার ভেতর দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন অপরিচিত ব্যক্তি তাকে আটকে হুমকি-ধমকি দিয়ে তার মোবাইল ও চশমা ছিনিয়ে নেয়। ঘটনার পর তিনি দ্রুত নিরাপদ স্থানে গিয়ে পুলিশকে তথ্য দেন।

সংসদ ভবনের মতো নিরাপত্তা সংবেদনশীল এলাকায় এ ধরনের ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ এলাকাজুড়ে নজরদারি বাড়িয়েছে।