খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টার দোয়া কামনা, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাঁর এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তারেক রহমান জানান, গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি উল্লেখ করেন, একই দিন প্রধান উপদেষ্টা ড. ইউনূস এক বিবৃতিতে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন। বিবৃতিতে তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সংশ্লিষ্টদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা আরও মন্তব্য করেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার প্রতীক এবং তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারেক রহমান বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে ড. মুহাম্মদ ইউনূস যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ করেছেন, তার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”


