খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: মাহদী আমিন

রাজনীতি
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: মাহদী আমিন
নিউজ ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য স্থিতিশীলতা ফিরলেই তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা একাধিক দেশি–বিদেশি বিশেষজ্ঞের সমন্বয়ে চলছে এবং লন্ডন থেকেও সব চিকিৎসা সিদ্ধান্তে নিবিড়ভাবে নজর রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মাহদী আমিন লিখেছেন,
“মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত রয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি লন্ডন ও ঢাকার চিকিৎসকদের মধ্যে প্রতিনিয়ত সমন্বয় করছেন। চিকিৎসায় কোনো বিলম্ব যেন না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, সংক্রমণের ঝুঁকি এড়াতে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া না হলেও প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী হাসপাতালের বাইরে এসে খালেদা জিয়ার জন্য দোয়া ও উদ্বেগ প্রকাশ করছেন।

মাহদী আরও লিখেছেন,
“শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। যেই বিশেষায়িত হাসপাতালে তিনি চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে উন্নতি লাভ করেছিলেন, সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে পুনরায় যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিসজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার উদ্যোগও নেওয়া হয়েছে।”

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,
“দেশবাসীর দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আধুনিক চিকিৎসা শেষে আবারও জাতিকে অনুপ্রাণিত করবেন।”