মায়ের দিকে তাকিয়ে তারেক রহমানের দেশে ফেরায় ব্যারিকেড তুলে নিন: নিলোফার চৌধুরী
এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন, তারেক রহমানকে দেশে ফেরার পথে রাষ্ট্রীয় বাধার মুখে পড়তে হচ্ছে।
নিলোফার চৌধুরী মনি বলেন, “একজন সন্তান তার মায়ের পাশে থাকতে চায়। মায়ের শেষ মুহূর্তে পাশে থাকা একটি স্বাভাবিক মানবিক অধিকার। কোনো বাধা এ অনুভূতি থামাতে পারে না।”
তিনি আরও বলেন, “তারেক রহমান স্পষ্ট বলেছেন যে তিনি একা এসে যেতে পারবেন না। তাকে ফেরার পথে নানা ধরনের ব্যারিকেড বা বাধা রয়েছে। যারা এই বাধা তৈরি করছেন, তাদের আমি অনুরোধ করব—একটা সন্তানের দিকে, একটা মায়ের দিকে, দেশের দিকে তাকান এবং এই বাধা প্রত্যাহার করুন।”
নিলোফার মনি সতর্ক করে বলেন, “আজ যা করবেন, তার প্রভাব ভবিষ্যতে আপনাদেরও পড়বে। এটি কোনো অভিশাপ নয়, বরং প্রকৃতির প্রতিশোধ।”
তিনি জোর দেন, একজন সন্তানের মায়ের সঙ্গে দেখা করার অধিকার রাষ্ট্র বা অন্য কোনো সংস্থা আটকাতে পারবে না এবং খালেদা জিয়ার পাশে থাকার সুযোগ দেওয়া মানবিক ও নৈতিক দায়িত্ব।


