বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী ‘বিজয় মশাল রোড শো’ ঘোষণা করেছে বিএনপি

রাজনীতি
বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী ‘বিজয় মশাল রোড শো’ ঘোষণা করেছে বিএনপি
নিউজ ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা পরিভ্রমণ করে ‘বিজয় মশাল রোড শো’ অনুষ্ঠিত হবে। বিজয় দিবসের প্রধান উদযাপন হবে ১৬ ডিসেম্বর ঢাকায় দলের মহাসমাবেশে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, “বিজয় মশাল যাত্রা চট্টগ্রাম থেকে শুরু হবে এবং কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় প্রদক্ষিণ করবে। প্রতিটি জেলার মশাল বহন করবেন একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও একজন জুলাইযোদ্ধা।”

মির্জা ফখরুল আরও জানান, ঢাকায় মানিক মিয়া এভিনিউয়ে মহাসমাবেশের মাধ্যমে রোড শো সমাপ্ত হবে। অনুষ্ঠানে পরিবেশিত হবে বিএনপির থিম সং ‘সবার আগে বাংলাদেশ’। এছাড়া, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে দেশবাসীর সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস শেয়ার করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতার প্রতীক। ২০২৪ সালে আমরা চাই দেশের গণতন্ত্র ও জনগণের স্বাধীনতা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে। বিজয় মাস উপলক্ষে রোড শো এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে জনগণকে আমাদের ৩১ দফা কর্মসূচির সঙ্গে পরিচিত করানো হবে।”

বিএনপি মহাসচিবের বক্তব্যে উঠে আসে যে, বিজয় মশাল যাত্রা প্রতিটি বিভাগে দেশাত্মবোধক ভাবনা জাগাতে ও মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।