বিপিএলে ফিক্সিং রোধে প্রতিটি দলে থাকছে দুইজন সিআইডি সদস্য
বিপিএলকে ফিক্সিংমুক্ত রাখতে এবার নতুন নিরাপত্তা উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) দুইজন করে কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
রোববার বিপিএল নিলাম শেষে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, “খেলার স্বচ্ছতা ও ইন্টেগ্রিটি রক্ষায় আমরা নতুন পদক্ষেপ নিয়েছি। সিআইডির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি চলছে।”
তিনি জানান, প্রতিটি দলে সিআইডির একজন পোশাকধারী ও একজন সাদা পোশাকের কর্মকর্তা থাকবেন। বিসিবির নিজস্ব ইন্টেগ্রিটি ইউনিটও আগের মতো কাজ চালিয়ে যাবে।
সাখাওয়াত হোসেন বলেন, “সিআইডি বাংলাদেশের অন্যতম উন্নত তদন্ত সংস্থা। আধুনিক প্রযুক্তি, বিশ্লেষণ এবং যোগাযোগ টুলস ব্যবহারে তাদের সক্ষমতা রয়েছে। ফিক্সিং প্রতিরোধে এটি বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
এদিকে সর্বশেষ বিপিএলে ফিক্সিং সন্দেহে থাকা কয়েকজন খেলোয়াড়কে এবার নিলামে রাখা হয়নি। তাদের মধ্যে এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেনও রয়েছেন।
বিসিবির দাবি, নতুন পদক্ষেপের মাধ্যমে খেলাধুলার স্বচ্ছতা নিশ্চিত করতে বোর্ডের আন্তরিকতা আরও স্পষ্ট হবে।


