জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, দুর্নীতি দেশের প্রতিদিনের জীবনকে পঙ্গু করে দিচ্ছে। চাকরিপ্রার্থী তরুণ থেকে শুরু করে সাধারণ কৃষক, হাসপাতালসেবা নিতে যাওয়া পরিবার কিংবা ব্যবসায়ী—সবার ভোগান্তির মূল কারণ একই: দুর্নীতি।
তারেক রহমানের দাবি, বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, মানসম্মত শিক্ষার অভাব, রাস্তার অনিরাপত্তা—এসব সমস্যার মূলেই রয়েছে দীর্ঘদিনের দুর্নীতি। তিনি বলেন, দুর্নীতি এখন লাখো মানুষের জীবনে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে।
পোস্টে তিনি বিএনপি আমলে নেওয়া বিভিন্ন সংস্কারের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশাসনে শৃঙ্খলা আনা, স্বচ্ছ সরকারি সেবা নিশ্চিত করা ও অর্থনীতিকে মুক্ত করার কাজ শুরু করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। এরপর বেগম খালেদা জিয়ার সরকার আধুনিক ক্রয় নীতি, কঠোর আর্থিক আইন, শক্তিশালী অডিট ব্যবস্থা ও নজরদারি বাড়ায়।
তারেক রহমান বলেন, ২০০৪ সালে স্বাধীন দুর্নীতিদমন কমিশন (দুদক) গঠন ছিল সবচেয়ে বড় পদক্ষেপ। আন্তর্জাতিক সংস্থাগুলো একে বাংলাদেশের জবাবদিহি ব্যবস্থায় বড় অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছিল। তার দাবি, টিআইবির জরিপেও ২০০২-২০০৫ সালের মধ্যে দুর্নীতির পরিস্থিতি উন্নতির ইঙ্গিত পাওয়া যায়।
তিনি বিএনপি আমলের উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে উল্লেখ করেন—
শক্তিশালী অর্থব্যবস্থা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, স্বচ্ছ ক্রয় নীতি ও প্রতিযোগিতামূলক দরপত্র, টেলিকম–মিডিয়া–বিমান পরিবহনসহ খাতে বাজার উন্মুক্তকরণ, প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ।
তার দাবি, দুর্নীতি কমানোর ক্ষেত্রে ধারাবাহিক রেকর্ড শুধুই বিএনপির।
তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতিবিরোধী লড়াই আরও জোরদার করতে যে পরিকল্পনা নিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—
আদালত, দুদক, ইসি ও সরকারি প্রতিষ্ঠানকে রাজনৈতিক চাপমুক্ত রাখা, সম্পূর্ণ স্বচ্ছতা ও উন্মুক্ত তথ্যপ্রবাহ, বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা খাতে সংস্কার, ই-গভর্ন্যান্সের মাধ্যমে সেবা ডিজিটালকরণ, হুইসলব্লোয়ার সুরক্ষা, শিক্ষায় নৈতিকতার পাঠ, শক্তিশালী আর্থিক নজরদারি ব্যবস্থা।
তারেক রহমান বলেন, বহু বছরের অব্যবস্থাপনা কাটিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই কঠিন হলেও অসম্ভব নয়। তিনি লিখেন, “জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত।”
পোস্টে তিনি টিআইবির প্রকাশিত ২০০১–২০০৬ সালের দুর্নীতি সূচকের গ্রাফও যুক্ত করেন।


