সউদীর দাম্মাম বিমানবন্দর ও জিজান রাডার স্টেশনে ড্রোন হামলা হুথিদের
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম বিমানবন্দর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের একটি আগাম সতর্কবার্তা ব্যবস্থার রাডার স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি।
সোমবার এক বিবৃতিতে এ দাবি করেন সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় দুটি ড্রোনের মাধ্যমে দাম্মাম বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সময়ে জিজান শহরের আগাম সতর্কবার্তা ব্যবস্থার রাডার স্টেশনেও ড্রোন হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।
তবে হুথিদের এই দাবির বিষয়ে সৌদি আরবের সরকারি কর্তৃপক্ষ বা সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার ঘটনা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।


