যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, আলোচনায় সমাধান চান পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে বিদ্যমান সংকট নিরসনে সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনা ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন তিনি। একই সঙ্গে জনগণের সহনশীলতা ও সামাজিক প্রতিরোধক্ষমতা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, শান্তি আলোচনার বিষয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সরকারকে ‘বিশেষ কিছু এখতিয়ার ও ক্ষমতা’ দিয়েছেন বলে জানিয়েছেন পেজেশকিয়ান। এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, সংলাপের মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করবে ইরান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, প্রধান প্রধান শহরের গভর্নর ও মেয়রদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান এসব কথা বলেন।
বৈঠকে তিনি বলেন, শত্রুপক্ষের ‘মিথ্যাচার ও অতিরঞ্জিত প্রচারণার’ বিরুদ্ধে ইরান দৃঢ় অবস্থানে থাকবে।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, দেশের সামনে শত্রুপক্ষ যেসব চ্যালেঞ্জ ও সংকট তৈরি করেছে, জনগণের সমর্থন ও সহযোগিতাকে কাজে লাগিয়েই সেগুলো মোকাবিলা করতে হবে।
তার বক্তব্যে একদিকে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরানের অনড় অবস্থানের কথা উঠে এসেছে, অন্যদিকে সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহও স্পষ্ট হয়েছে।


