এনসিপিতে স্থান না পেয়ে গণঅধিকার পরিষদে যোগদানের চেষ্টা আসিফ মাহমুদের, এখানেও বিরোধ
কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় নিজের প্রতিষ্ঠিত দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারছেন না সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ফলে এবার তিনি ফের আশ্রয় খুঁজছেন তার পূর্বের রাজনৈতিক ঠিকানা গণঅধিকার পরিষদে। তবে সেখানে গিয়েও সাধারণ সম্পাদক পদ চাওয়ায় দলটির ভেতরে নানামুখী অসন্তোষ দেখা দিয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর থেকেই আসিফ মাহমুদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। এনসিপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, আসিফ দলের ‘মুখ্য সমন্বয়ক’ পদটি চাইছিলেন। কিন্তু বর্তমানে দায়িত্বে থাকা নাসিরদ্দীন পাটোয়ারী পদ ছাড়তে রাজি নন। এর ফলে দলের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং বুধবার ঘোষিত এনসিপির প্রার্থী তালিকায়ও তার নাম রাখা হয়নি।
এদিকে গণঅধিকার পরিষদের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এনসিপিতে জায়গা না হওয়ায় আসিফ এখন গণঅধিকার পরিষদে ফিরে আসতে আগ্রহী। ইতোমধ্যে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানা গেছে। তবে তিনি সাধারণ সম্পাদক পদ চাইছেন, যা দলীয় নেতাকর্মীদের বড় একটি অংশ মেনে নিতে পারছেন না।
গণঅধিকার পরিষদের এক উচ্চতর পরিষদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আসিফ আগেও আমাদের সঙ্গে ছিলেন, পরে অন্য দল গড়েছেন। এখন আবার ফিরে আসতে চাইছেন। তাকে দলে নিতে আপত্তি নেই, কিন্তু সাধারণ সম্পাদক পদ ছাড়তে গেলে বড় ভাঙন তৈরি হতে পারে। নূর ভাই কেন তাকে এভাবে গুরুত্ব দিচ্ছেন, সেটা আমরা বুঝতে পারছি না।”
এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আসিফ মাহমুদ আগেও আমাদের সঙ্গে ছিলেন। তিনি ফিরতে চাইলে আমরা স্বাগত জানাই। আলোচনা চলছে, এখনো কিছু চূড়ান্ত হয়নি।”
পদ নিয়ে বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, “তিনি এলে অবশ্যই সম্মানজনক পদ দেওয়া হবে, তবে দলের ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”


