বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত: অ্যালেক্স মার্শাল

খেলাধুলা
বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত: অ্যালেক্স মার্শাল
নিউজ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫

বিপিএলের আগের আসরে ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহে এবার কয়েকজন ক্রিকেটারকে আসন্ন আসর থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুর্নীতি দমনে এই কঠোর অবস্থানের পেছনে বড় ভূমিকা রাখছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মার্শাল বলেন, “বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত। এখানে বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের আকর্ষণ করা উচিত। একইসঙ্গে দেশীয় ক্রিকেটারদেরও আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করতে হবে। আমি এই কাজ করি মূলত বাংলাদেশের সমর্থকদের জন্য—তাদের প্রাপ্য একটি স্বচ্ছ ও উচ্চমানের টুর্নামেন্ট।”

মার্শাল জানান, দুর্নীতি দমন ইউনিটের তৎপরতা বাড়ানো হয়েছে ঠিক এ কারণেই। “বিপিএলকে পরিচ্ছন্ন করতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছে। অতীতে নেতিবাচক ঘটনাগুলো ছিল বাস্তবতা। বোর্ড সভাপতির নির্দেশে একটি স্বাধীন তদন্ত পরিচালিত হয়েছে। গত মাসে পাওয়া ৯০০ পৃষ্ঠার সেই প্রতিবেদনে ৬০ জনের নাম এসেছে—কেউ অভিযুক্ত, কেউ সন্দেহভাজন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, নতুন তদন্ত দল এসব বিষয়ে বিস্তারিত যাচাই–বাছাই করছে।

মার্শাল জোর দিয়ে বলেন, তদন্তে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
“আগে দেখা যেত, সন্দেহভাজনদের সঙ্গে কোনো কথা হলেই সেটা মুহূর্তে সংবাদমাধ্যমে পৌঁছে যেত। সাংবাদিকদের আগ্রহ থাকা স্বাভাবিক। তবে এ ধরনের কাজ পুরো প্রক্রিয়াকে ভঙ্গুর করে দেয়। নতুন ইউনিট শুরু থেকেই তথ্য গোপন রেখে খুব পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।”