‘মোটরসাইকেলে করে আসা দুজন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিলেন’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো দুই ব্যক্তি প্রায় দুই সপ্তাহ আগে তাঁর প্রচারণা টিমে যোগ দিয়েছিলেন, এমন তথ্য জানিয়েছেন সংগঠনের এক সদস্য। শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা বলেন,
“একটি মোটরসাইকেলে দুইজন এসেছিল। তাদের একজন হাদি ভাইয়ের ওপর গুলি চালায়। তারা প্রায় দুই সপ্তাহ আগে আমাদের প্রচারণায় যোগ দিলেও কিছুদিন মাঝখানে ছিল না। কয়েক দিন আগে আবার এসে কাজে অংশ নেয়।”
ঘটনার পর পুলিশ ও র্যাব ঘটনাস্থলের ভিডিও, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানিয়েছেন, তারা ঘটনার সব দিক যাচাই–বাছাই করছেন।
শুক্রবার দুপুরে বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, সন্ধ্যা ৭টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
তিনি বলেন,
“হাদির মাথায় বুলেটের আঘাত রয়েছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে, পায়ের আঘাতটি রিকশা থেকে পড়ে যেতে পারে। ঢাকা মেডিকেলে আমরা প্রাথমিক সার্জারি করেছি। এখন তাকে এভারকেয়ারে পাঠানো হচ্ছে।”
পরিবার প্রথমে সিএমএইচে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পরে মত পরিবর্তন করে এভারকেয়ারকে বেছে নেয়। হাসপাতাল কর্তৃপক্ষকে আগেই প্রস্তুত থাকার জন্য জানানো হয়েছে।


