‘হাদিকে হামলাকারীদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল’

রাজনীতি
‘হাদিকে হামলাকারীদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল’
নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি এখনও জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ঘটনার দুই দিন পার হলেও এখনো হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। সংগঠনটির কর্মী ও ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা দাবি করেছেন, হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের সহযোগীরা আহত হাদিকে হাসপাতালে অনুসরণ করেছিল।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে জুমা বলেন, হামলায় জড়িত এক আসামির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রয়োজনীয় তথ্য থাকা সত্ত্বেও তাকে শনাক্ত ও গ্রেপ্তার না করতে পারা বিশ্বাসযোগ্য নয়। তার অভিযোগ, এই বিলম্বের পেছনে সদিচ্ছার ঘাটতি রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও দাবি করেন, সন্দেহভাজন ব্যক্তি এখনও দেশ ছাড়েননি। বরং তাকে পালিয়ে গেছে—এমন ধারণা তৈরি করে প্রকৃত দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে অথবা পালাতে সহায়তার পরিকল্পনা চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

হত্যাচেষ্টা একটি সংগঠিত চক্রান্তের অংশ বলেও মন্তব্য করেন জুমা। তার ভাষ্য, এটি একক কোনো ব্যক্তির কাজ নয়; বরং একটি সক্রিয় সিন্ডিকেট এই হামলার সঙ্গে জড়িত, যার সহযোগীরা হাসপাতাল পর্যন্ত এসেছিল বলে তাদের কাছে তথ্য রয়েছে।

ফাতিমা তাসনিম জুমা হাদিসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে বলেন, পুরো চক্রকে জীবিত গ্রেপ্তার দেখতে চান তারা। তিনি সতর্ক করে বলেন, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা হলেও তা দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হবে না।

এদিকে হাদির চিকিৎসা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকরা এখনও সতর্ক অবস্থানে রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলেই জানা গেছে।