আজ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক

রাজধানী
আজ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, এই সমাবেশে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে ভারতপন্থি কোনো গোষ্ঠীকে ডাকা হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হবে। দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন। তিনি বলেন, হাদির শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চিকিৎসকদের অনুমতি পেলেই তাকে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের আরও অভিযোগ করেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দেশের গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্বশীল ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পরিবর্তে গোয়েন্দা সংস্থাগুলো ইনকিলাব মঞ্চের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে, যা তাদের দায়িত্বহীনতার প্রমাণ।