নতুন বাংলাদেশে রাজনীতি হবে স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে: জামায়াত আমির

রাজনীতি
নতুন বাংলাদেশে রাজনীতি হবে স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে: জামায়াত আমির
নিউজ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫

অতীতনির্ভর রাজনীতির অবসান ঘটিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবিক মর্যাদাভিত্তিক নতুন রাজনৈতিক ধারার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনো দল নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয়ের দ্বার উন্মোচন করবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতের বস্তাপচা ও বিভাজনমূলক রাজনীতি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে এবং স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই রাজনীতির অবসান ঘটিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিক অধিকার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র—এই চারটি ভিত্তির ওপর দাঁড়িয়ে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আওয়ামী লীগের শাসনামল নিয়ে সমালোচনা করে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো একটি নির্দিষ্ট পরিবার ও গোষ্ঠীর স্বার্থে পরিচালিত হয়েছে, যার ফলে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি রক্ষী বাহিনী, ১৯৭৪ সালের দুর্ভিক্ষসহ বিভিন্ন সময়ের ঘটনাপ্রবাহের উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একটি দল মুক্তিযুদ্ধকে এককভাবে নিজেদের রাজনৈতিক সম্পদে পরিণত করেছিল, যার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র ধ্বংস ও বিরোধী কণ্ঠ দমন করা হয়েছে। ক্ষমতায় বারবার প্রত্যাবর্তনের মাধ্যমে দেশকে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে এবং এসব ঘটনায় দোষীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দলীয় বিজয় নয়, জনগণের অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

যুবসমাজকে পরিবর্তনের প্রধান শক্তি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের হাত ধরেই শান্তি, ন্যায়বিচার ও গণতন্ত্রভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।

অনুষ্ঠান শেষে বিজয় দিবস উপলক্ষে উপস্থিত তরুণদের নতুন রাজনৈতিক শপথ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।