ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

রাজনীতি
ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান
নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

দীর্ঘ প্রায় দুই দশক পর তার দেশে ফেরার ঘোষণাকে বিএনপির রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এ ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, তার বিদায়ের দিন লন্ডনের বিমানবন্দরে যেন কেউ ভিড় না করেন।

তারেক রহমান বলেন, বিমানবন্দরে অতিরিক্ত লোকসমাগম হলে অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও দলের ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশ বজায় রাখাই এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন কণ্ঠে তারেক রহমান বলেন, গত ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। বিভিন্ন সংকটময় সময়ে প্রবাসীরা তাকে মানসিক শক্তি, সহযোগিতা ও সমর্থন দিয়ে পাশে থেকেছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিরা তার পরিবার ও দলের কঠিন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে লন্ডনে অবস্থানরত নেতাকর্মীদের অবদানের কথা তিনি আলাদাভাবে তুলে ধরেন।

তারেক রহমান বলেন, “ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ২৫ ডিসেম্বর আমি দেশে ফিরব। তবে সবাইকে অনুরোধ করছি, সেদিন আমাকে বিদায় জানাতে কেউ বিমানবন্দরে যাবেন না।” তিনি যোগ করেন, তার এই অনুরোধ মানা হলে সেটিকে দল ও দেশের মর্যাদার প্রতি সম্মান হিসেবেই বিবেচনা করবেন।

অনুষ্ঠানটি যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। দলটির প্রবাসী নেতারা আশা করছেন, এই প্রত্যাবর্তনের মাধ্যমে দলের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।