ফেরার দিনেই ৩০০ ফিটে তারেক রহমানকে বিশাল গণসংবর্ধনা
দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন। দলীয় সূত্রে জানা গেছে, ওই দিন বেলা পৌনে ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে। দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দল বিমানবন্দর প্রটোকল এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে বের হওয়ার পর পূর্বাচল রোডের ৩০০ ফিট এলাকা জুড়ে তারেক রহমানকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হবে। ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা এ সংবর্ধনার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, “দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নেতাকে বরণ করতে চাই।” তারেক রহমানের সঙ্গে ঢাকায় আসবেন তার একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, আর স্ত্রী ডা. জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখতে ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করছেন।
বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের জন্য গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। কোনো কারণে এটি ব্যবহারযোগ্য না হলে তিনি পাশের তার মায়ের ভাড়া বাসা ‘ফিরোজা’-তে উঠবেন। দেশে ফিরে তিনি গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। ৮৬ নম্বর রোডের কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় সংস্কার কাজ প্রায় শেষ হয়েছে।


