নৈরাজ্য ও ষড়যন্ত্র রুখতে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির
বিএনপি দেশের নৈরাজ্য রোধ ও গণতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সকল রাজনৈতিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার রাতে জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “গতকাল ইনকিলাব মঞ্চের সভাপতি শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই হত্যাকাণ্ড আমাদের তীব্র উদ্বেগ ও নিন্দার যোগ্য।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “হাদির মৃত্যুর পর কিছু উশৃঙ্খল মানুষ দেশের কয়েকটি দৈনিক পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে, যা সাংবাদিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। এটি দেশের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা।”
বিএনপি মনে করছে, এসব সহিংসতা আসন্ন জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। ফলে দলটি নৈরাজ্যবিরোধী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন নিশ্চিত করেছি, সেই ধারাবাহিকতায় আজও দেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।”


