খুন করে কখনো বিপ্লবের চেতনাকে দমন করা যায় না: জামায়াত আমির

রাজনীতি
খুন করে কখনো বিপ্লবের চেতনাকে দমন করা যায় না: জামায়াত আমির
নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির শত্রুরা প্রকৃতপক্ষে বাংলাদেশেরই শত্রু। কারণ হাদি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে সোচ্চার কণ্ঠ। তিনি অপসংস্কৃতির বিরুদ্ধে আজীবন অবস্থান নিয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সন্ত্রাসীদের গুলিতে নিহত শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিপ্লবীদের খুন করে কখনো বিপ্লবের চেতনাকে দমন করা যায় না। বরং সেই চেতনা আরও বিস্তৃত হয়। হাদি ও তার সহযোদ্ধারা বাংলাদেশের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন বলেই তারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “এই দেশ ও জাতি আমাদেরই। দেশ ও জাতির পাহারা আমাদেরকেই দিতে হবে। আর কোনো কালো শক্তিকে দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না—এটাই ছিল হাদিদের অঙ্গীকার।” তিনি বলেন, ‘জীবন দেব, তবু চব্বিশ দেব না’—এই অবস্থানের কারণ সবাই জানে। এটাই কি তাদের অপরাধ?

হাদির জীবনাদর্শ তুলে ধরে জামায়াত আমির বলেন, তিনি কখনো অন্যায়ের পথে যাননি, কারও ওপর জুলুম করেননি। বরং আজীবন ইনসাফের কথা বলেছেন। এমনকি শত্রুর প্রতিও যেন অবিচার না হয়—এই নীতিতে তিনি বিশ্বাস করতেন।

সরকারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট নয়। হাদির জানাজায় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতি থেকে জনগণের অনুভূতি তারা বুঝতে পেরেছেন বলেই তিনি আশা করেন।

তিনি দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে সন্দেহের ঊর্ধ্বে থেকে খুনিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে সাধারণ মানুষের জীবনও নিরাপদ থাকবে না বলে তিনি সতর্ক করেন।