তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে ঢাকা ফেরার বিমানের ফ্লাইটে দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই দুইজন হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র জানিয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য এবং গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। বিশেষভাবে, দুই কেবিন ক্রুর সঙ্গে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র অনুযায়ী, তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে, গত ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইটে একই কারণে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র আরও জানায়, তারেক রহমানের ফ্লাইটে তার পরিবারের সদস্যসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।


