ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান

রাজনীতি
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান
নিউজ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানের নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মুঠোফোনে রাশেদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন। সেখানেই তাঁকে ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হিসেবে জানানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাশেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ আসনে একটি জনসভা করবেন—এমন শর্তে তিনি প্রার্থী হতে সম্মতি দিয়েছেন। খুব শিগগিরই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।

বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে তাঁর অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, তিনি গণঅধিকার পরিষদের সঙ্গেই থাকবেন।

রাশেদ খান ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামের বাসিন্দা। তিনি নবাই বিশ্বাসের ছেলে এবং বর্তমানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে সম্ভাব্য এই প্রার্থিতার খবরে ঝিনাইদহে বিএনপির নেতাকর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, আসনটিতে বিএনপির নিজস্ব কোনো নেতাকে মনোনয়ন দেওয়া উচিত। উল্লেখ্য, ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটিতে বিএনপি প্রার্থীর নাম প্রকাশ করেছে, বাকি তিনটিতে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।