স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনে বিএনপি-জামায়াতের ‘না’
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যেও উপদেষ্টা পরিষদে রদবদলের কোনো সিদ্ধান্ত নেই সরকারের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম থাকছেন, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও চলতি দায়িত্বে থাকছেন। আইজিপি পদেও কোনো পরিবর্তন আসছে না।
গত সপ্তাহে খবর ছড়িয়েছিল যে জাহাঙ্গীর আলমকে সরিয়ে খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ তা নাকচ করেছেন। তিনি জানিয়েছেন, “উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে—এমন কোনো তথ্য আমার জানা নেই।”
সরকারি সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীরা ধরা না পড়ায় ছাত্র সংগঠন ও কিছু রাজনৈতিক মহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি উঠেছিল। হাদির হত্যার পর সংবাদপত্র কার্যালয়ে হামলার ঘটনাও রদবদলের প্রস্তাবের এক কারণ হিসেবে উঠে এসেছিল।
তবে রাজনৈতিক দলের আপত্তি ও বাহিনী সম্পর্কিত বিষয়ে জটিলতার কারণে খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার পরিকল্পনা আর এগোয়নি। বিএনপি, জামায়াতে ইসলামী এবং সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের আগে এমন রদবদল পরিস্থিতি আরও জটিল করতে পারে।
সরকারি এক উপদেষ্টা বলেন, “উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ পদগুলোতে এখন কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। আলোচনার পর্যায়ে থাকা প্রস্তাবগুলো কার্যকর হয়নি।”


