তারেক রহমানের অভ্যর্থনায় জনদুর্ভোগ: দুঃখ প্রকাশ বিএনপির

রাজনীতি
তারেক রহমানের অভ্যর্থনায় জনদুর্ভোগ: দুঃখ প্রকাশ বিএনপির
নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে দলটি। শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ জানানো হয়।

বিজ্ঞপ্তিটি শুক্রবার দুপুর ২টা ৮ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে বৃহস্পতিবার তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন। তাঁকে অভ্যর্থনা জানাতে দেশব্যাপী লাখ লাখ মানুষ ঢাকায় সমবেত হন, ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবনে মারাত্মক ব্যাঘাত ঘটে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে রাজধানীবাসীকে যে ভোগান্তির মুখে পড়তে হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এই অসুবিধার জন্য দলটি গভীরভাবে মর্মাহত এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর সময় লাগে প্রায় তিন ঘণ্টা। ওই সময় পূর্বাচল এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সংবর্ধনা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। অতিরিক্ত ভিড়ের কারণে সেখানে পৌঁছাতেও তাঁকে প্রায় পৌনে দুই ঘণ্টা সময় নিতে হয়। পরে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় যান।