এবার জামায়াত-এনসিপি জোটের পক্ষের ১৭০ এনসিপি নেতা চিঠি দিলেন নাহিদ ইসলামকে

রাজনীতি
এবার জামায়াত-এনসিপি জোটের পক্ষের ১৭০ এনসিপি নেতা চিঠি দিলেন নাহিদ ইসলামকে
নিউজ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভেতরে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোট নিয়ে মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে। দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি ৩০ জন নেতার স্মারকলিপি প্রদানের পর এবার ১৭০ জন কেন্দ্রীয় নেতা জোটের পক্ষে অবস্থান জানিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতের তথ্য অনুযায়ী, এনসিপির সদস্য ইয়াহিয়া জিসান বলেন, “দলের সাংগঠনিক স্থিতিশীলতা বজায় রাখা এবং দায়িত্বশীল রাজনৈতিক সিদ্ধান্তকে সম্মান জানাতেই এই চিঠি প্রদান করা হয়েছে।”

চিঠিতে নেতারা উল্লেখ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জনমুখী, দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ জরুরি। তারা উল্লেখ করেন, যদি এনসিপি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের সিদ্ধান্ত নেয়, তারা সেই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চিঠিতে নেতারা আশা প্রকাশ করেছেন, আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে দল একটি সময়োপযোগী ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাবে, যা সাংগঠনিক শক্তি বাড়াবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, ইয়াহিয়া জিসানসহ আরও ১৭০ নেতা।

এর আগে একই দিনে নাহিদ ইসলামের প্রতি ৩০ জন নেতা একটি স্মারকলিপি প্রদান করে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাব্য পরিকল্পনার বিরোধিতা করেন। তাদের দাবি, নীতিগত অবস্থান বিসর্জন দিয়ে কৌশল নির্ধারণ করা সমীচীন নয়।

দলীয় অস্থিরতার প্রেক্ষাপটে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেছেন এবং ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবার ঘোষণা দিয়েছেন।