এনসিপি থেকে পদত্যাগ করলেন ডা. তাজনূভা জাবীন

রাজনীতি
এনসিপি থেকে পদত্যাগ করলেন ডা. তাজনূভা জাবীন
নিউজ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরে চলমান অস্থিরতা আরও তীব্র রূপ ধারণ করেছে। দলের প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে এনসিপি ছাড়ার ঘোষণা দেন। পাশাপাশি তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তও নিয়েছেন।

ডা. তাজনূভা জাবীন তাঁর পদত্যাগের পেছনে প্রধান কারণ হিসেবে এনসিপি–জামায়াতে ইসলামী জোটের প্রক্রিয়া এবং দলের শীর্ষ নেতৃত্বের ‘অগণতান্ত্রিক আচরণ’কে চিহ্নিত করেছেন। তিনি দাবি করেছেন, এনসিপি ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করলেও তলে তলে মাত্র ৩০টি আসনের জন্য জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমঝোতা করা হয়েছে, যা দলের বহু প্রার্থীর নির্বাচনের পথ বন্ধ করে দিয়েছে।

তিনি আরও বলেন, “এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও মধ্যপন্থার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিল, তার শীর্ষ নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থে সেই আদর্শকে বিসর্জন দিয়েছে। দলের অভ্যন্তরে এক শীর্ষ নেতা অন্য শীর্ষ নেতাকে মাইনাস করার রাজনীতি চালাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডা. তাজনূভার অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্ব জুলাই গণঅভ্যুত্থানকে কেবল ক্ষমতায় যাওয়ার একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করছে, এবং এনসিপির প্রতিষ্ঠাতা সদস্যদের ‘বহিরাগত’ বা ‘অরাজনৈতিক’ হিসেবে লেবেল দেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক সততার অংশ হিসেবে তার নির্বাচনী তহবিলের প্রতিটি টাকা জনসাধারণের কাছে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডা. তাজনূভার পদত্যাগ ও জোটকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে শুরু হওয়া বিদ্রোহ এনসিপির ভবিষ্যৎ এবং আসন্ন নির্বাচনের ফলাফলের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এনসিপি–র নতুন রাজনীতির স্বপ্নে ভাঙনের এই সংকেত দেশের রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।