এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে সোমবার রাতে এনসিপির সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
এনসিপি সূত্র জানায়, আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বুধবার কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার এনসিপি কর্মী রমজানুল করিম তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী শনিবার এ তথ্য নিশ্চিত করেন।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, “আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর আসন থেকেই নির্বাচন করবেন।”
মনোনয়নপত্র রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি ওই আসনের ভোটার হিসেবেও নিবন্ধিত হয়েছেন।


