নাসিরুদ্দিন পাটওয়ারীর জন্য আসন ছাড়লেন জামায়াত নেতা

রাজনীতি
নাসিরুদ্দিন পাটওয়ারীর জন্য আসন ছাড়লেন জামায়াত নেতা
নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি জোট। জোটের সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীকে এই আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে আগেই মনোনীত জামায়াত নেতা ডা. মো. হেলাল উদ্দীন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডা. হেলাল উদ্দীন জানান, বৃহত্তর জাতীয় স্বার্থ ও জুলাই আন্দোলনের অংশীজনদের ঐক্য রক্ষার লক্ষ্যে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তকে তিনি সমর্থন করছেন। একই সঙ্গে তিনি নাসিরুদ্দিন পাটওয়ারীর প্রতি শুভকামনা জানান।

ডা. হেলাল উদ্দীন বলেন, প্রায় আট মাস আগে তিনি জামায়াতের প্রাথমিক মনোনয়ন পেয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছিলেন। স্বল্প সময়ের মধ্যেই ঢাকা-৮ আসনে দলের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে ওঠে বলেও তিনি উল্লেখ করেন। তবে সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জোটের প্রার্থীর পক্ষেই কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, শহীদ ওসমান বিন হাদির স্মৃতি বহনকারী এই আসনে জুলাই আন্দোলনের আরেক সম্মুখসারির নেতা হিসেবে নাসিরুদ্দিন পাটওয়ারীকে প্রার্থী করা হয়েছে—এ সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ঢাকা-৮ আসনে দলটির প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেবেন নাসিরুদ্দিন পাটওয়ারী।