খালেদা জিয়ার দাফন কোথায় হতে পারে?
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন কোথায় হবে—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
দলীয় সূত্র ও গণমাধ্যমের খবরে জানা গেছে, আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে। বিবিসির বরাতে জানা যায়, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই জানাজা আয়োজনের সম্ভাবনা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জানাজা শেষে সংসদ ভবনসংলগ্ন জিয়া উদ্যানে দাফন করা হতে পারে বেগম খালেদা জিয়াকে। সেখানে তার স্বামী, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সে সময় তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।


