সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

রাজনীতি
সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
নিউজ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় প্রোটোকল ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়েছে। লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি একটি ফ্রিজার ভ্যানে করে বহন করা হয়। এ সময় সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে নিরাপত্তা নিশ্চিত করে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সংসদ ভবন এলাকায় পৌঁছায়। এর আগে সকাল ১১টা ৫ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে যাত্রা শুরু করে গাড়িটি। ওই বাসায় স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।

এর আগে সকাল ৮টা ৫৪ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়। প্রথমে তার পুরোনো বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে মরদেহ তারেক রহমানের বাসায় নেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি ঢাকায় আসছেন।

জানাজা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।