মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে পুরো বাংলাদেশকেই পরিবার মনে হচ্ছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিকটজন হারানোর বেদনা পেরিয়ে আজ পুরো বাংলাদেশই যেন তার পরিবার হয়ে উঠেছে। মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সহমর্মিতা তাকে এই কঠিন সময়ে একাকিত্বে ভুগতে দেয়নি।
বৃহস্পতিবার (সকাল ১০টা) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে তিনি তার মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
তবে এই শোকের মুহূর্তে দেশবাসীর অভূতপূর্ব উপস্থিতি ও ভালোবাসা তাকে মানসিক শক্তি জুগিয়েছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সম্মান ও শ্রদ্ধা প্রমাণ করেছে—বেগম খালেদা জিয়া শুধু একজন সন্তানের মা নন, তিনি ছিলেন সমগ্র জাতির এক অনন্য অভিভাবক।
দেশ-বিদেশের বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের উপস্থিতি ও সমবেদনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে যেসব দেশ ও প্রতিষ্ঠান শোকবার্তা পাঠিয়েছে, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
ফেসবুক পোস্টে তারেক রহমান শোকের এই সময়ে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে তিনি লেখেন, আজ মনে হচ্ছে পুরো বাংলাদেশই তার আপন পরিবার।
তিনি আরও বলেন, সারাজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন তার মা। সেই দায়িত্ব ও আদর্শের উত্তরাধিকার বহনের দায় তিনি গভীরভাবে অনুভব করছেন। যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই সেই পথ এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে অঙ্গীকার করেন তারেক রহমান।
পোস্টের শেষাংশে তিনি আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার রেখে যাওয়া ত্যাগ, ভালোবাসা ও দেশপ্রেম থেকে জাতি যেন ঐক্য ও শক্তি অর্জন করতে পারে—সে প্রার্থনা জানান।


