ছাত্রদল-ছাত্রশিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ তারেক রহমানের
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান সাদিক।
বৈঠকে রাজধানীর ছাত্রনেতারা জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ এবং সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন। বৈঠকের শুরুতে প্রতিনিধিরা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে স্বাক্ষর করেন।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “তারেক রহমান দেশের ছাত্রসমাজের ভবিষ্যৎ এবং তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বিশেষভাবে সবাইকে ফ্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে মতভিন্নতা থাকাটাই স্বাভাবিক, তবে বাংলাদেশ ও জুলাই বিপ্লবের স্বার্থে সকলকে একত্রে কাজ করতে হবে। তারেক রহমান বিশেষভাবে ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন।”
সাদিক কায়েম অভিযোগ করেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনও আইনের আওতায় আনা হয়নি। তিনি বলেন, “ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন চালিয়ে তাদের বিচার নিশ্চিত করতে হবে।”
বৈঠকের শেষে তিনি জানান, আগামী দিনে দেশভিত্তিক রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবিরোধী প্রতিরোধ গড়ে তোলা এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা নিতে হবে।


