আইপিএলে না খেললেও পিএসএলে ফিরছেন মোস্তাফিজ, লাহোর কালান্দার্সে চড়া দামে চুক্তি
আইপিএলে চড়া দামে দল পেলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি। সেই বিতর্কের পর এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
পিএসএলের একাদশ মৌসুমের জন্য মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। বুধবার (৫ ফেব্রুয়ারি) এই চুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
লাহোর কালান্দার্স জানিয়েছে, মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে তারা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।
এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। পুরোনো সেই সম্পর্কের টানেই তাকে আবার দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামিন রানা।
তিনি বলেন, ‘একবার কালান্দার্স হলে, সবসময়ই কালান্দার্স। মোস্তাফিজ কেবল একজন ক্রিকেটার নন, তিনি আমাদের পরিবারের অংশ। তাকে আবার ড্রেসিংরুমে ফিরে পেতে পেরে আমরা আনন্দিত। তার অভিজ্ঞতা পিএসএল ১১-তে শিরোপা ধরে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মোস্তাফিজের অন্তর্ভুক্তিতে লাহোর কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। দলটি আগেই অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ পেসার মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে।
উল্লেখ্য, গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ খেললেও আসন্ন পিএসএল আসরের জন্য এই তিন ক্রিকেটারকে রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি।


