বিতর্ক আর নাটকীয়তায় শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ

খেলাধুলা
বিতর্ক আর নাটকীয়তায় শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই তৈরি করেছে ব্যাপক বিতর্ক ও উত্তেজনা। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না বাংলাদেশ, যা ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত অনড় অবস্থানের কারণে বাংলাদেশকে বাদ দিয়ে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।

বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেন। একই সঙ্গে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে গ্রুপ পর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই পাকিস্তান দল দিয়েই পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। উদ্বোধনী ম্যাচে কলম্বোতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সালমান আলী আগারের নেতৃত্বাধীন পাকিস্তান।

পাকিস্তান ও নেদারল্যান্ডস এর আগে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে। ২০০৯ সালে ইউনিস খানের নেতৃত্বে পাকিস্তান জিতেছিল ৮২ রানে। সর্বশেষ ২০২২ আসরে বাবর আজমের দল জয় পায় ৬ উইকেটে।

বর্তমান পারফরম্যান্সের দিক থেকেও পাকিস্তানই এই ম্যাচে পরিষ্কার ফেবারিট। সবশেষ ১০টি দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজের মধ্যে ৬টিতে জয় পেয়েছে তারা। বিশ্বকাপের আগে লাহোরে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইও করেছে সালমানরা। অন্যদিকে, কোয়ালিফাই করার পর নেদারল্যান্ডস সর্বশেষ সিরিজ খেলেছে বাংলাদেশের বিপক্ষে, যেখানে তারা ২-০ ব্যবধানে হেরেছিল।

আজ বিশ্বকাপের প্রথম দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় পাকিস্তান খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। বিকাল ৩টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। দিনের তৃতীয় ম্যাচে সহ-আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তিন ম্যাচেই ফেবারিট হিসেবে এগিয়ে রাখা হচ্ছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে।

২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা ৫৫টি। পাঁচটি দল নিয়ে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে অংশগ্রহণকারী দলগুলো। ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর মধ্যে শ্রীলঙ্কায় তিনটি এবং ভারতে পাঁচটি মাঠে খেলা হবে। ফাইনাল আয়োজন করা হবে আহমেদাবাদে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতা ও মুম্বাইয়ে। তবে পাকিস্তান নকআউটে উঠলে বিকল্প ভেন্যু হিসেবে কলম্বো প্রস্তুত রাখা হয়েছে। আগামী ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইউরোপের দেশ ইতালি, যা ক্রিকেট বিশ্বে বাড়তি আগ্রহ তৈরি করেছে। ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির ক্রিকেটে অগ্রযাত্রা অনেকের কাছেই বিস্ময়কর।

এদিকে, ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও পরিস্থিতি সামাল দিতে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আইসিসি। তাই যেকোনো উপায়ে ম্যাচটি আয়োজনের চেষ্টা চলছে। এমনকি পাকিস্তানও শেষ পর্যন্ত বয়কটে অনড় থাকবে কি না, তা নিয়েও রয়েছে নানা গুঞ্জন। ধারণা করা হচ্ছে, কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবেই এই অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।