বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

খেলাধুলা
বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর
নিউজ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় গায়ক ও পরিচালক আসিফ আকবর। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনো প্রকাশিত হয়নি, বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পরিচালক নির্বাচিত হওয়ার পর আসিফ আকবর বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রমের দায়িত্বে ছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে সেই দায়িত্বের সঙ্গে গেম ডেভলপমেন্ট বিভাগও যুক্ত হলো।

এর আগে গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান ছিলেন পরিচালক ইশতিয়াক সাদেক। ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে নির্বাচিত হয়ে তিনি বিসিবিতে আসেন। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সময়ের অভাব দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। তবে তার পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক–কে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন আসিফ আকবর। বিষয়টি ক্রীড়াঙ্গনে সমালোচনার জন্ম দেয়।

এর মধ্যেই তাকে গেম ডেভলপমেন্টের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বিষয়টি নিয়ে ক্রীড়ামহলে আলোচনা শুরু হয়েছে।

গেম ডেভলপমেন্ট বিভাগ মূলত বয়সভিত্তিক ক্রিকেট, প্রতিভা অন্বেষণ, জেলা ও বিভাগীয় পর্যায়ের কাঠামো শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি ক্রিকেট উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট।

বিশ্লেষকদের মতে, জাতীয় দলের ভবিষ্যৎ সাফল্য অনেকাংশেই এই বিভাগের কার্যক্রমের ওপর নির্ভরশীল।