দুদকে মব সৃষ্টি করে আসিফের বিরুদ্ধে অভিযোগ দিল সাকিব ভক্তরা

খেলাধুলা
দুদকে মব সৃষ্টি করে আসিফের বিরুদ্ধে অভিযোগ দিল সাকিব ভক্তরা
নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে একপ্রকার ‘মব’ পরিস্থিতি সৃষ্টি করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ-এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে সাকিব আল হাসান-এর একদল ভক্ত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দুদক সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করে। তারা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হলে এবং বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অভিযোগপত্রটি গ্রহণ করে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, একদল লোক কার্যালয়ের ভেতরে হট্টগোল সৃষ্টি করে কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করেছে। বেনামে দাখিল করা অভিযোগটি পর্যবেক্ষণের জন্য সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও জানান, দুদকে জমা পড়া সব অভিযোগ সরাসরি তদন্ত বা মামলা পর্যায়ে যায় না। আইন অনুযায়ী অভিযোগটি যাচাই-বাছাই করা হবে। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা না পাওয়া গেলে অভিযোগটি বাতিল করা হবে। তবে অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।