বিএনপির ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান
জামালপুরের ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেলের নেতৃত্বে ৬ জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা জামায়াত কার্যালয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন সদস্যদের দলে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সামিউল হক ফারুকী এবং উপজেলা আমির রাশেদুল ইসলাম।
নতুন যোগদানকারীদের মধ্যে জিয়াউর রহমান সোহেল বলেন, ধর্মীয় বিশ্বাস ও পরকাল বিষয়ক ভাবনা থেকে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি দাবি করেন, বিএনপিতে দায়িত্ব পালনকালে তিনি নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং দলীয় শৃঙ্খলা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে তার মত।
অন্যদিকে আরেক যোগদানকারী লাভলু বলেন, দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও মূল্যায়ন না পাওয়া এবং অপমানজনক আচরণের কারণে তিনি রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
এ বিষয়ে ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী বলেন, যে কেউ চাইলে রাজনৈতিক দল পরিবর্তন করতে পারে, এ বিষয়ে তাদের কিছু বলার নেই।
এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।


