ইরান যুদ্ধের প্রভাবে দারিদ্র্যে পড়তে পারে ৩ কোটি ২০ লাখের বেশি মানুষ: জাতিসংঘ
ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্বজুড়ে ৩ কোটি ২০ লাখের বেশি মানুষ নতুন করে দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইউএনডিপির সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়, এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে ‘ত্রিমুখী ধাক্কা’ সৃষ্টি করেছে—জ্বালানির দাম বৃদ্ধি, খাদ্য সরবরাহে ঘাটতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি। এই তিনটি কারণ মিলেই সবচেয়ে বেশি চাপ পড়ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ওপর।

সংস্থাটির প্রশাসক ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, যুদ্ধ শুধু তাৎক্ষণিক ক্ষতিই নয়, দীর্ঘমেয়াদে উন্নয়ন অগ্রগতিকে পেছনে ঠেলে দেয়। তার মতে, সবচেয়ে বড় উদ্বেগ হলো—যারা ইতোমধ্যে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিল, তারাই আবার দারিদ্র্যে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত কয়েক সপ্তাহে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে, যা সরাসরি প্রভাব ফেলছে বিশ্ববাজারে।
এছাড়া জ্বালানি সংকটের প্রভাব পড়ছে সার উৎপাদন ও আন্তর্জাতিক নৌপরিবহন খাতেও। ফলে খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়ে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
জাতিসংঘের মতে, এই সংঘাত কেবল আঞ্চলিক সামরিক উত্তেজনা নয়—এটি বৈশ্বিক অর্থনীতি ও দারিদ্র্য পরিস্থিতির জন্য একটি বড় হুমকি হয়ে উঠছে।

