নেতানিয়াহুর এক ফোনেই ভেস্তে যায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার এই বৈঠককে ঘিরে ইতোমধ্যে কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, বৈঠকের মাঝপথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোনকল আলোচনার গতিপথ বদলে দেয়। তার দাবি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে করা ওই ফোনকলের পর আলোচনা যুক্তরাষ্ট্র-ইরান ইস্যু থেকে সরে গিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে মোড় নেয়, যা সম্ভাব্য সমঝোতাকে ব্যাহত করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে এমন কিছু অর্জনের চেষ্টা করেছে, যা তারা সামরিক পথে অর্জন করতে পারেনি। তিনি পাকিস্তানের মধ্যস্থতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও, বৈঠক শেষে ভ্যান্সের সংবাদ সম্মেলনকে ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেন।
এদিকে হোয়াইট হাউস এখনো পর্যন্ত কথিত ফোনকলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিষয়টি নিশ্চিত বা অস্বীকার—কোনোটিই করা হয়নি।
বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের ব্যর্থতা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর ভিন্নমুখী বক্তব্যের কারণে পুরো ঘটনার নিরপেক্ষ যাচাই এখনো বাকি রয়েছে।
সূত্র: এনডিটিভি


