যুক্তরাষ্ট্র ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে: পেজেশকিয়ান
ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র তাদের ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগ করলে দুই দেশের মধ্যে একটি চুক্তি সম্ভব।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে সমঝোতার পথ খুঁজে পাওয়া যাবে। একই সঙ্গে তিনি আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদলের সদস্যদের প্রশংসা করেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সর্বশেষ সংলাপ ব্যর্থ হওয়ার পরই তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা সত্ত্বেও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত ফেব্রুয়ারিতে টানা ২১ দিন ধরে চলা আলোচনাও কোনো সমাধান ছাড়াই শেষ হয়।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সংঘাতের প্রথম দিনেই ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।
যুদ্ধ পরিস্থিতির ৩৯তম দিনে, ৭ এপ্রিল উভয় পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে নতুন করে আলোচনায় বসে দুই দেশ। তবে সর্বশেষ এই বৈঠকও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
বিশ্লেষকদের মতে, উত্তেজনা সত্ত্বেও উভয় পক্ষের কূটনৈতিক বার্তা থেকে বোঝা যায়, ভবিষ্যতে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।
সূত্র: বিবিসি


