তেহরানে হামলার ধ্বংসস্তূপ থেকে ৯৬০ জন জীবিত উদ্ধার
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৯৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি।
সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় মোট ১ হাজার ৭১১টি প্রযুক্তিগত উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় দেশজুড়ে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ১ লাখ আবাসিক ভবন এবং প্রায় ২৪ হাজার বাণিজ্যিক স্থাপনা রয়েছে। অনেক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আবার অনেকগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া যুদ্ধ চলাকালে ৩৩৯টি চিকিৎসাকেন্দ্র—যার মধ্যে হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি ও জরুরি সেবা ইউনিট রয়েছে—ক্ষতিগ্রস্ত বা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে কিছু কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকলেও অনেকগুলো দ্রুত পুনরায় চালু করা হয়েছে।
ইরানের জরুরি সংস্থার প্রধান মাজিদ মিয়াদফার জানান, এই হামলায় অন্তত ২৫৮ জন নারী এবং ১৮ বছরের নিচে ২২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী ১৮ শিশুও রয়েছে।
ইরানিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলার প্রমাণ ও নথিপত্র সংগ্রহ করা হচ্ছে, যা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে উপস্থাপন করা হবে, যাতে ঘটনার বিচারিক অনুসরণ নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়াজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়।
সূত্র: প্রেস টিভি


