ইসরায়েলে দফায় দফায় হামলা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন বসতি ও সামরিক অবস্থানে ধারাবাহিক হামলার দাবি করেছে, যা দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, তাদের যোদ্ধারা মিসগাভ আম বসতি, কফর গিলাদি এলাকা এবং জারিত ব্যারাক লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে। এসব হামলায় রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
হিজবুল্লাহর দাবি অনুযায়ী, এসব হামলার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিরাপত্তা ঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে হতাহতের বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইসরায়েলি বাহিনীও দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। স্থানীয় সূত্র জানায়, নাবাতিয়েহ আল-ফাওকা শহরে বিমান হামলা চালানো হয়েছে।
এর আগে দক্ষিণ লেবাননের আল-আব্বাসিয়েহ শহর এবং বিনতে জবেইল এলাকাতেও ইসরায়েলি হামলার খবর পাওয়া যায়।
বিশ্লেষকদের মতে, সীমান্তের এই পাল্টাপাল্টি হামলা বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে এবং অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলছে।
সূত্র: আল-জাজিরা


