ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে নতুন করে শুরু হচ্ছে বিচার

খেলাধুলা
ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে নতুন করে শুরু হচ্ছে বিচার
নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু ঘিরে নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া এই বিচারে তার মৃত্যুর জন্য চিকিৎসাজনিত অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ম্যারাডোনা। হাসপাতাল থেকে ফেরার কিছুদিনের মধ্যেই ২০২০ সালের নভেম্বরে তার মৃত্যু হয়। এরপরই অভিযোগ ওঠে, তার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিমের অবহেলার কারণেই এ মৃত্যু ঘটেছে।

ম্যারাডোনার মৃত্যুর পর সাত সদস্যের একটি মেডিক্যাল টিমকে অভিযুক্ত করা হয়। মামলার প্রাথমিক বিচারকালে তার সন্তানসহ একাধিক সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হলেও বিচার কার্যক্রম মাঝপথে থেমে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০২৫ সালের মে মাসে বিচারটি বাতিল করা হয়, যখন এক বিচারক মামলাসংক্রান্ত একটি ডকুমেন্টারিতে যুক্ত থাকার অভিযোগে বিতর্কে জড়িয়ে পড়েন। পরে ওই বিচারক, জুলিয়েতা মাকিনতাখ-কে অভিসংশন করা হয়।

নতুন করে শুরু হওয়া এই বিচারে প্রায় ১২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানা গেছে। অভিযুক্তদের মধ্যে চিকিৎসক, মনোবিদ ও নার্স রয়েছেন, যারা ম্যারাডোনার অস্ত্রোপচারের পর তার চিকিৎসার দায়িত্বে ছিলেন।

অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

ম্যারাডোনার মৃত্যু বিশ্ব ফুটবলে গভীর শোকের সৃষ্টি করেছিল। এখন এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দিকে তাকিয়ে রয়েছে ক্রীড়াঙ্গনসহ বিশ্ববাসী।