হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিলো ইরান
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নতুন প্রস্তাব বিবেচনা করছে ইরান। ওমান-সংলগ্ন অংশ দিয়ে জাহাজগুলোকে নিরাপদ ও অবাধ চলাচলের সুযোগ দেওয়ার বিষয়টি দেশটির পক্ষ থেকে আলোচনায় তোলা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। সূত্র মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবেই এই প্রস্তাব এসেছে, যা আঞ্চলিক উত্তেজনা কমানোর একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, চলমান সংঘাত নিরসনে একটি চূড়ান্ত চুক্তি হলে তবেই এই সুবিধা কার্যকর হতে পারে। সাম্প্রতিক উত্তেজনার কারণে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবাহিত হওয়ায় এ রুটে বিঘ্ন আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রভাব ফেলে।
সূত্র আরও জানায়, ইরান ওমান-নিয়ন্ত্রিত জলসীমার মধ্য দিয়ে জাহাজ চলাচলে বাধা না দেওয়ার বিষয়ে নমনীয়তা দেখাতে পারে। তবে প্রণালিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, যেমন মাইন অপসারণ বা নির্দিষ্ট দেশের জাহাজ চলাচলের বিষয়গুলো এখনো স্পষ্ট নয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। একটি পশ্চিমা নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিষয়টি আগে থেকেই আলোচনায় থাকলেও ওয়াশিংটনের অবস্থান এখনো পরিষ্কার নয়।
মাত্র ৩৪ কিলোমিটার প্রশস্ত হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি কৌশলগত জলপথ, যা পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
বিশ্লেষকদের মতে, এ প্রস্তাব বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে।


